ছবি: সংগৃহিত।
নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩) এবং জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও মাহাদি হাসান (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.