সিলেট নগরীর তেলীরাইয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজন হয়েছে বিজয়া পুনর্মিলনী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, 'দেশের অগ্রগতি এবং সামাজিক শান্তি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য অত্যন্ত জরুরি।'
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিভেদ ভুলে সবাইকে একযোগে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
জনকল্যাণ যুব সংঘের উপদেষ্টা প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নিখিল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এবং দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আশিক-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.