প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৮:৪৬ (শুক্রবার)
দীর্ঘদিন পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের পুনরায় চালু হচ্ছে ফ্লাইট

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শেষে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ চলতি মাসের মধ্যেই পুনরায় চালু হতে যাচ্ছে।

গত ১৩ অক্টোবর দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ এ ঘোষণা দেন।

তিনি জানান, আসন্ন সৌদি ফুটবল সুপার কাপ আয়োজনের আগেই টার্মিনালটি চালু করা হবে। এ ছাড়া সৌদি সমর্থকদের যাতায়াত নির্বিঘ্ন করতে নোয়াইসীব সীমান্ত ক্রসিংয়ে ২০টি বিশেষ কাউন্টারসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংঘাত ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে টার্মিনাল-১ পুনর্গঠনের পথ সহজ ছিল না। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ড্রোন হামলায় বিমানবন্দরটির অবকাঠামোর ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন। প্রয়োজনীয় সংস্কার শেষে গত ১ জুন টার্মিনালটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। তবে চালুর মাত্র দুই দিনের মাথায় ৩ জুন আবারও বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় টার্মিনালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হন।

দ্বিতীয় দফায় হামলার পর টার্মিনালটির সব ধরনের কার্যক্রম আবারও স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর কয়েক মাস ধরে দ্রুতগতিতে পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ জানিয়েছেন, চলতি নভেম্বর মাসেই টার্মিনালটি চালু হবে। তবে ঠিক কোন তারিখে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হবে, তা এখনো জানানো হয়নি।
 


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০৭