ছবি: সিলেট ভিউ।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দ্রুত সুস্থতা কামনায় সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সহধর্মিণী ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শামা হক চৌধুরী এবং তাঁর মেয়ে নাহিয়া হক চৌধুরী ও ছেলে আসিফুল হক চৌধুরী (আসিফ)।
অন্যদিকে, মন্ত্রীর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আজমল বখ্ত চৌধুরীসহ নেতৃবৃন্দ। এসময় তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাঁর শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানা যাবে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি হাসপাতালে থাকবেন, নাকি বাসায় বিশ্রাম নেবেন, তা নির্ধারণ করা হবে। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সরকারি সফরে সিলেটে এসে সংসদীয় এলাকা কোম্পানীগঞ্জ পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/ এহিয়া-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.