ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেটে হাম ও হাম-উপসর্গের ভয়াবহ পরিস্থিতির মধ্যে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু। মাত্র ৮ ও ১১ মাস বয়সী দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
মারা যাওয়া দুই শিশু হল- সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর এলাকার রিহাম (১১ মাস) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রাফসান (৮ মাস)।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ জনে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে সিলেট জেলা। এ জেলায় এ পর্যন্ত ৪৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২১০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, হাম ও হাম-উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সর্বোচ্চ ২০৯ জন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি আছেন। বাকি রোগীরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, সর্বশেষ দুই শিশুর মৃত্যুসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.