প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৭:৩৬ (শনিবার)
সিলেটে হৃদয়ের 'হৃদয়' নিংড়ানো ডাবল সেঞ্চুরি

ছবিঃ সংগৃহীত ছবি।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২* রানের অবিস্মরণীয় ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েন ডানহাতি এই ব্যাটার।

 

ঢাকায় প্রথম টেস্টে দৃষ্টিকটুভাবে আউট হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। কিন্তু এবার সিলেটে ফিরলেন বীরের বেশে। রাজকীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে তিনি রূপ দিলেন মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে। সঙ্গে ভেঙে দিলেন রেকর্ড বইয়ের অজস্র পাতা।

 

সিলেটে অপরাজিত ২৪২ রান করার সুবাদে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসের কীর্তি গড়লেন হৃদয়। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। টেস্টে এতো দিন এটাই ছিল বাংলাদেশের কারও সর্বোচ্চ। এবার সেই রান ছাড়িয়ে গেলেন হৃদয়।

 

শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের সকালে ২৯ রান নিয়ে খেলা শুরু করা হৃদয় আজ একাই যোগ করেছেন ২১৩ রান। এক দিনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ রানের কীর্তি। ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পথে এক দিনে সাকিব আল হাসানের করা ২১২ রান নেমে গেছে দুই নম্বরে।

 

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এতদিন কোনো ডাবল সেঞ্চুরির সাক্ষী হতে পারেনি। মাহমুদুল হাসান জয়ের ১৭১ রানকে পেছনে ফেলে সেই অপেক্ষারও রাজকীয় সমাপ্তি টানলেন হৃদয়।

 

ব্যক্তিগত অর্জনের দিনে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে হৃদয় গড়েছেন একাধিক রেকর্ড জুটি। ১৮৪ রানে সপ্তম উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে যোগ করেন ১১৭ রান। সিলেটে অষ্টম উইকেটে এটিই প্রথম শতরানের জুটি।

 

একইসঙ্গে দেশের হয়ে এই উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এরপর তাসকিন আহমেদকে নিয়ে নবম উইকেটে গড়েন আরও ৮৫ রানের জুটি, যা এই মাঠে নবম উইকেটে সর্বোচ্চ। এই দুই জুটির ওপর ভর করে শেষ তিন উইকেটে বাংলাদেশ যোগ করে রেকর্ড ২০২ রান। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান ছাড়িয়ে এটি এখন শেষভাগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের নতুন ইতিহাস। 

 

৩৫৯ বলে অপরাজিত ২৪২ রানের মহাকাব‍্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩০ রানের লিড নেয় বাংলাদেশ। জবাবে ৩০ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বিনা উইকেটে ৭ রান তোলার পর তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে ২৩ রানে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩