প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৯:০৭ (রবিবার)
সিলেটে গ্যাসের সরবরাহ বৃদ্ধি নিয়ে যা জানাল পেট্রোবাংলা

ছবিঃ ফাইল ছবি।

কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে প্রায় চার দিন পর পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে সিলেটসহ সারাদেশে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

 

রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৪ নভেম্বর থেকে টানা চার দিন সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাসের সরবরাহ কমে যায় ৪০ কোটি ঘনফুটের বেশি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সামিটের টার্মিনাল চালু হয়েছে।

 

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণকাজ শেষে শনিবার বেলা ১টায় সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করেছে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট। 

 

এদিকে,  গ্যাসের চাপ কম থাকাকালীন সময় সহযোগিতার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।

 

এর আগে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত গ্যাস রূপান্তরের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংস্থাটি। 

 

পেট্রোবাংলা জানিয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনঃগ্যাসীকরণ বন্ধ থাকবে। ফলে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭