প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৯:১৯ (শনিবার)
এমপি ও উপজেলাবাসীকে নিয়ে ক/টু/ক্তির প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজার এর কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে কুলাউড়া ও জুড়ীর সিএনজি চালকদের মধ্যে সম্প্রতি হামলা পাল্টা হামলা এবং গাড়ি আটকিয়ে রাখার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়ায় সিএনজি চালকদের এক শপথ অনুষ্টানে স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এর উপস্থিতিতে কুলাউড়া সিএনজি চালক সংগঠনের উপদেষ্টা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন জুড়ীবাসী ও জুড়ী-বড়লেখার বিএনপি দলীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠুকে কটাক্ষ করে বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হলে জুড়ী-বড়লেখার সর্বস্তরের জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এর প্রতিবাদে জুড়ীবাসীর আয়োজনে শনিবার বিকেলে জুড়ী বীরমুক্তিযোদ্ধা এম এ মুুমিত আসুক চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা বাস লাইটেস শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোস্তাকিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক দুদুল মিয়া, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আব্দুল জব্বার, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক ইলিয়াছুর রহমান ময়না, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, শ্রমিক নেতা আব্দুস সহিদ, বড়লেখা শ্রমিক ইউনিয়নের নেতা নজরুল ইসলাম, সাইফুর রহমান খলকু, রাসেল আহমদ, ইকবাল আহমদ, ইসলাম উদ্দিন, শ্রমিক নেতা পাপলু মিয়া, ব্যবসায়ী জহির রায়হান প্রমুখ।

সভায় জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা খোকন ভূঁইয়ার অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- তিনি জুড়ীবাসী ও জুড়ী-বড়লেখার এমপিকে নিয়ে কটাক্ষ করে জুড়ী-বড়লেখার মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। কোনো রাজনৈতিক নেতা এভাবে কোনো জনপ্রতিনিধি বা কোনো অঞ্চলকে হেয় করে বক্তব্য দেয়া শিষ্টাচার বহির্ভূত। তিনি প্রকাশ্য জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহার করে জুড়ী-বড়লেখাবাসী ও এমপি মহোদয়ের নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সাথে কুলাউড়া সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে জুড়ী-বড়লেখার সিএনজি চালকদের সাথে কুলাউড়ার সিএনজি চালকগণ যে অন্যায় আচরণ করেন, গায়ে হাত তুলেন, লাইন ভেঙ্গে কুলাউড়ার সিএনজি গুলো জোর পূর্বক আগে গ্যাস নিয়ে যান তার অবসান ঘটাতে হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৭