দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ ও গণতন্ত্র রক্ষার প্রত্যয় নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে শনিবার দুপুরে শহরের পুরতান বাসস্ট্যান্ড থেকে এ বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি।
এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্ত্বরে মিলিত হয়। এর আগে পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নেতৃত্ববৃন্দ। এসময় দেশ বিরোধী ষড়যন্ত্র সোচ্চার থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান রাখেন নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, দেশ যখন সংকটে পড়েছিল তখনই জাতির ত্রাতা হিসেবে সামনে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতি জাতির হাল ধরেছিলেন তিনি। দেশের উন্নয়ন, আগ্রযাত্রা আর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন স্বাধীনতার ঘোষক জিয়া।
বক্তারা আরও বলেন, পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে স্বৈরশাসনের রাহুমুক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।তার সুযোগ্য সন্তান তারেক রহমান ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিলেন। দেশ এখন উন্নয়ন আর অগ্রগতির দিকে হাঁটছে। কিন্তু দেশবিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই।
এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাবলিক প্রসিকিউটর মল্লিক মইনুদ্দিন সুহেল, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনূর আলী, এডভোকেট মাসুক আলম,পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.