সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে রচিত জাতীয় ইতিহাসের নতুন দিগন্তের সূচনার গৌরবোজ্জ্বল দিবসটিকে স্মরণীয় করে রাখতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন মাঠে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ যোহর মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহীদ, থানার অফিসার ইন-র্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাষ্টার ইমাদ উদ্দিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সারোয়ার জাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওসার খান, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.