হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ৫৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকৃত ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ টি এম হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আঃ হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। পরে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি লোহার চাকু, একটি কাঠের বাটযুক্ত লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দা, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত, একটি মোটরসাইকেলের লোহার চেইন ও দুটি লোহার সুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া আটক তিনজনের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে এ টি এম হেলালের কাছ থেকে ১৮৫ পিস, কাজী রুবেলের কাছ থেকে ১৫৫ পিস এবং তারেক মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের জব্দ করা আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৩ডটকম/মআস-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.