শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি। তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। এ জন্য বিভিন্নভাবে কাজ করছে সরকার। রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। শুধু রাজনৈতিক দলের নেতা হলেই দেশের নেতৃত্ব দেওয়া যায় না। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সফল মানুষেরাও নেতৃত্ব দেন।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২৫৬ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১৭ লাখ ১২ হাজার টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হয়।
সিলেটভিউ২৩ডটকম/জাকির/মআস-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.