প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৭:২৯ (রবিবার)
সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর...

ছবি: সিলেট ভিউ।

দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

দুদক জানায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালায়। অভিযানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। 

 

দুদক আরও জানায়, এ সময় পরিদর্শন ও অনুসন্ধানে দেখা যায় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সাব-কবলা দলিলকে হেবা দলিল হিসেবে দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা ঘটছে। দলিল নিবন্ধনের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগও উঠে এসেছে অভিযানে।

 

সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের বিস্তারিত পর্যালোচনা করা হবে। পরবর্তী সময়ে এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে অভিযান পরিচালনাকারী দল। প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩