প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২২:০০ (সোমবার)
দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ হাসপাতাল হচ্ছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি: এআই।

‎এতদিন সীমিত শয্যা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দিতে নেওয়া হয়েছে একটি মেগা প্রকল্প। এর আওতায় বিদ্যমান অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি বাড়ানো হবে শয্যাসংখ্যা। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।


‎
‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ।’


‎
‎জানা গেছে, প্রকল্পের আওতায় বিয়ানীবাজার উপজেলায় ১০১ শয্যার ভবন নির্মাণ করা হবে। আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার স্ক্রিনিং এবং নারী-পুরুষের জন্য আলাদা ফিজিওথেরাপির সুবিধা নিশ্চিত করা হবে। থাকবে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ও আধুনিক অপারেশন থিয়েটার। এতে নিরাপদ মাতৃত্ব ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক বা দুর্ঘটনার গুরুতর রোগীদের জরুরি চিকিৎসাও উপজেলা পর্যায়েই দেওয়া সম্ভব হবে। 

 

সূত্র জানায়, হাসপাতাল ভবনের নকশা এমনভাবে করতে হবে যেন কোনো ফ্লোর স্পেস অব্যবহৃত না থাকে। প্রতিটি ভবনকে শক্তিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হিসেবে নির্মাণ করতে হবে, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা থাকবে। ‎বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ভবন ২০০১ সালের পরে নির্মিত। অপর ভবনটি বেশ পুরনো এবং সংস্কারের প্রয়োজন। মাস কয়েক আগে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।


‎
‎সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য খাতে এক অভূতপূর্ব ও যুগান্তকারী রূপান্তর ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ তামিম/ এহিয়া-০৬