প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২০:০০ (সোমবার)
সাতছড়ি জাতীয় উদ্যানে বি/ক/ট শব্দে অতিষ্ঠ পর্যটকরা

ছবিঃ সিলেট ভিউ।

হবিগঞ্জের পর্যটনকেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু উঠতি বয়সী যুবকের বেপরোয়া মোটরসাইকেল চালানো ও বিকট শব্দ।

 

বিশেষ করে শুক্রবার ও সরকারি ছুটির দিনে মোটরসাইকেলের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠছেন পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় বাড়ে। দূর-দূরান্ত থেকে মানুষ পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। কিন্তু কিছু উঠতি বয়সী যুবক মোটরসাইকেল নিয়ে উদ্যান ও চা বাগান এলাকায় উচ্চ শব্দ সৃষ্টি করে চলাচল করেন। এতে পর্যটকদের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে আসা পরিবারগুলো বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।

 

প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা ও পাখির কলকাকলিতে মুখরিত সাতছড়ি জাতীয় উদ্যানের  ও চা বাগানের শান্ত পরিবেশ উপভোগ করতেই পর্যটকদের আগমন ঘটে। অথচ মোটরসাইকেলের বিকট শব্দে সেই পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক পর্যটক বিরক্তি প্রকাশ করে এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

 

পর্যটকদের মতে, পর্যটনকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিছু যুবকের দায়িত্বহীন আচরণের কারণে যেন সাধারণ দর্শনার্থীদের ভ্রমণের আনন্দ মাটি না হয়।

 

সচেতন মহল মনে করছেন, সাতছড়ি জাতীয় উদ্যানের পরিবেশ ও পর্যটকদের স্বস্তি রক্ষায় উদ্যান এলাকায় মোটরসাইকেলের অপ্রয়োজনীয় উচ্চ শব্দ নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

পর্যটনবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন  ভ্রমণপিপাসুরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৫/আশিক-১২