প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ০০:০০ (সোমবার)
একদিনে সিলেটের দুই এলাকায় আ গু ন

ছবি: প্রতিকী ছবি।

সিলেট মহানগরীর দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) পৃথক এসব অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

 

জানা যায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর লালদিঘীপার নতুন হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে টেপন ব্রাদার্স ও খান এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানগুলোতে আগুন ও ধোঁয়া দেখে তাৎক্ষনিক সিলেট ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে দোকানে থাকা বিভিন্ন প্রকারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিন জানান, ‘সকালে সিলেট মহানগরীর লালদিঘীরপার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমান ৪লাখ টাকার মতো এবং আমাদের উদ্ধার কার্যক্রমে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।’

 

এরপর বেলা পৌণে ৩টার দিকে মহানগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানাস্থ একটি মার্কেটের দ্বিতীয়তলার সামনের অংশের প্রধান সড়কের উপর ঝুলন্ত অবস্থায় থাকা বৈদ্যুতিক তার থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটে ‘স্টেপ’ ও ‘স্কোয়াড’ নামের দোকানের ছাদের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরপর তিনবার বিকট শব্দও শোনা যায়। এতে জন সাধারণে পথ চলাচলে আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

 

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, বিদ্যুতের তারে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও আমাদের কাজ করতে হয় নি। আগুন আগেই নিয়ন্ত্রণে চলে আসে।

 


সিলেটভিউ২৪ডটকম/ আশিক-১৫/ এহিয়া-১৪