ছবি: সংগৃহিত
পিরোজপুরে আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে ভাইয়ের ওপর হামলা চালায়। তাকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। আহত নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।
পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.