প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ (সোমবার)
এমইউ’র শিক্ষকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করলেন হার্ভার্ডের ড. আসিফ মুক্তাদির

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স অধ্যয়নরত বাংলাদেশি গবেষক ও স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ড. আসিফ মুক্তাদির মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবীন ও জুনিয়র শিক্ষকদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন। বিশ্ববিদ্যায়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যন ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির চার বিভাগের নবীন ও তরুণ শিক্ষকদের নিয়ে রোববার বিকেলে এই আয়োজন করা হয়। উচ্চশিক্ষায় উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণামূলক এ পথনির্দেশনামূলক অনুষ্ঠানে বাংলাদেশ তথা সিলেটের ছেলে ড. আসিফ মুক্তাদির মূলত বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, বৃত্তি অর্জনের কৌশল, গবেষণার ক্ষেত্র নির্বাচন এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাফেলো স্টেট ইউনিভার্সিটিতে বায়োলজিকেল সায়েন্সে ডিন এওয়ার্ডসহ উচ্চডিগ্রী অর্জনকারী এবং পরবর্তীতে ক্যানিসিয়াস ইউনিভার্সিটি ফিজিসিয়ান এসোসিয়েট স্টাডিজে মাস্টার্স ও প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডক্টর অব মেডিকেল সায়েন্স (ডিএমএসসি) ডিগ্রি অর্জনকারী যুক্তরাষ্ট্রের এচিভ-এর প্রতিষ্ঠাতা ড. আসিফ মুক্তাদির। 

অনুষ্ঠানে তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়; বরং এটি জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও গবেষণার সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, একাডেমিক প্রস্তুতি, অধ্যবসায় এবং গবেষণার প্রতি গভীর আগ্রহ। আর্থিক সীমাবদ্ধতা যেন মেধাবী তরুণদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি ও ফান্ডিংয়ের সুযোগ সম্পর্কে আগে থেকেই ধারণা রাখা ভালো।

নিজের লেখা ‘সম্ভাবনার দেশে স্বপ্ন জয়’ ও ‘আমেরিকার বৃত্তান্ত’ নামক দু’টি গ্রন্থের উদ্ধৃতি টেনে আসিফ মুক্তাদির বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরুণ শিক্ষকদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পরবর্তী সময়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ জন্য নিয়মিত গবেষণা, গবেষণা প্রকাশনা, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং গবেষণা সহযোগিতায় যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি নির্ভর করে তার শিক্ষক, শিক্ষা ও গবেষণার মানের ওপর। শিক্ষকদের জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটলে তার ইতিবাচক প্রভাব পড়ে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে। আজকের অনুষ্ঠান থেকে একজন শিক্ষকও যদি উপকৃত হন সেটাই আমাদের সার্থকতা। তিনি তরুণ শিক্ষকদের উচ্চশিক্ষা গ্রহণ, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা বিকাশ এবং অর্জিত জ্ঞান দেশের উচ্চশিক্ষার উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে