প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৮:৩৭ (সোমবার)
সিলেটে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই রক্ত পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি: সিলেটভিউ।

সিলেট নগরের মিরের ময়দানে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় এ জরিমানা করা হয়।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু জানান, একজন রোগী ৯৯৯ নম্বরে ফোন করে ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হলে পরে অভিযান পরিচালনা করা হয়।


তিনি বলেন, রোগীর অভিযোগের সবকিছুর সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযানে একজন টেকনোলজিস্টকে দিয়ে রক্ত পরীক্ষা করানোর বিষয়টি ধরা পড়ে। ওই টেকনোলজিস্টের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। এ ছাড়া প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল।
 

এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অনিয়ম সংশোধনে প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস ০২