প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:১৩ (সোমবার)
১২০০ পদের নিরামিষ পদে সাজছে অন্নকূট উৎসব

রাতভর জ্বলবে চুলা, চলবে নানা পদের নিরামিষ রান্না। তৈরি করা হবে প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ পদ। এসব পদ ভগবান গোবর্ধনের উদ্দেশে নিবেদনের মধ্য দিয়ে সিলেটে উদ্‌যাপিত হতে যাচ্ছে অন্নকূট মহোৎসব। উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকবে মহাপ্রসাদের আয়োজন। শিবমন্দিরেও সবার জন্য প্রসাদ বিতরণ করা হবে।

আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট নগরের ইসকন মন্দিরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ভক্তদের সহযোগিতায় একাধিক চুলায় সারা রাত ধরে রান্না করা হবে এসব নিরামিষ পদ।

ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী বলেন, ‘অন্নকূট মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার স্মৃতিবিজড়িত একটি বিশেষ আয়োজন। এ উপলক্ষে ভক্তদের সহযোগিতায় প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ পদ রান্নার প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব পদ ভগবানের উদ্দেশে নিবেদন করা হবে। উৎসবে সবার জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চাই, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এ আয়োজনে অংশ নিন।’

আয়োজকদের দেওয়া কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল সাড়ে ০৭ টায় দর্শন আরতি, ০৮ টায় গুরুপূজা এবং ০৯ টায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় গো-ব্রাহ্মণ পূজা ও গিরিগোবর্ধন পূজা হবে। দুপুর ০১ টায় ভোগ আরতি ও ভোগ দর্শন এবং      দুপুর দেড়টায় গিরিগোবর্ধন পূজা ও অন্নকূট লীলা নিয়ে আলোচনা হবে। পরে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের।

বৈদিক শাস্ত্রমতে, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গিরিগোবর্ধন পূজা অন্নকূট উৎসব নামেও পরিচিত। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে কার্তিক মাসে এ উৎসব উদ্‌যাপন করা হয়।

শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, দেবরাজ ইন্দ্রের প্রবল বৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই লীলার স্মরণে ভক্তরা নানা পদের নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত করে ভগবানের উদ্দেশে নিবেদন করেন।

ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্বের বিভিন্ন দেশে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবের প্রচলন করেন। প্রতিবছর সিলেটের ইসকন মন্দিরেও এ উৎসব ঘিরে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭