প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:৫০ (সোমবার)
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদে শুরু কপ-৩১ সম্মেলন

অর্থনৈতিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিশ্বজুড়ে বাড়তে থাকা প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তুরস্কের আনাতোলিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)।
 

উদ্বোধনী দিনে সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুম জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলোকে চুক্তিপত্রের গণ্ডি পেরিয়ে বাস্তব কর্মপদ্ধতি ও প্রয়োগে রূপান্তরের উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি এই সম্মেলনকে বৈশ্বিক ফলাফল অর্জনের এক ‘বাস্তবায়নকেন্দ্রিক কপ’ হিসেবে ঘোষণা করেছেন।

সোমবার আনতালিয়ার ঐতিহ্যবাহী সম্মেলন কেন্দ্রে বিশ্বনেতা, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সম্মেলন শুরু হয়।

উদ্বোধনী ভাষণে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনকে আর পৃথক কোনো সংকট হিসেবে দেখার সুযোগ নেই। যুদ্ধ-সংঘাত, ভূ-রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক ঋণের চাপ, খাদ্য নিরাপত্তাহীনতা এবং প্রযুক্তিগত বৈষম্যের সঙ্গে জলবায়ু সংকট সমানভাবে যুক্ত হয়েছে এবং একটি সংকট অন্যটিকে আরও ঘনীভূত করছে।
 

তিনি বিশ্বব্যাপী খরা, বন্যা ও পানিসংকটের উদাহরণ টেনে বলেন, ‘বিশ্বের এক প্রান্তে যদি খরা দেখা দেয়, তবে অন্য প্রান্তের খাবার টেবিলে তার প্রভাব গিয়ে পড়ে।’ কুরুম স্পষ্টভাবে উল্লেখ করেন, প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমাবদ্ধ রাখার লক্ষ্যই বিশ্ববাসীর জন্য মূল নির্দেশনা। এ বিষয়ে বিজ্ঞানের যে বার্তা, আনতালিয়ায় তা নির্দ্বিধায় মেনে নেওয়া হবে।

উদ্বোধনী দিনে প্রকাশিত ডব্লিউএমও ‘স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইতিহাসের সবচেয়ে উষ্ণ ১২টি বছর অতিক্রান্ত হয়েছে সাম্প্রতিক সময়ে, যার মধ্যে শেষ চার বছর উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে।
 

তুরস্কের জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মুরাত কুরুম তাঁর বক্তব্যে বিদ্যুতায়নের ওপর জোর দেন। তিনি তুরস্কের ‘৩৫-বাই-৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন উদ্যোগ তুলে ধরেন, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহৃত মোট শক্তির অন্তত ৩৫ শতাংশ বিদ্যুতে রূপান্তর করা। নবায়নযোগ্য জ্বালানি, শক্তিশালী বিদ্যুৎ গ্রিড ও ক্লিন ট্রান্সপোর্ট নিশ্চিতের মাধ্যমে কম খরচে জনগণের কাছে বিদ্যুৎ সুবিধা ও নতুন কর্মসংস্থান পৌঁছানোই এর মূল উদ্দেশ্য।
 

তিনি বাকু সম্মেলনে গৃহীত জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ৩০০ বিলিয়ন ডলার প্রদান এবং সামগ্রিক অর্থায়ন ১.৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সম্মেলনে অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ও কপের নেগোশিয়েশন প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, ‘কপ-৩১ হলো বৈশ্বিক সহযোগিতা প্রমাণের বড় সুযোগ। আমাদের লক্ষ্য জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তবিক বিনিয়োগ, অবকাঠামো, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তায় রূপান্তর করা।’
 

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী প্রধান সাইমন স্টিল উদ্বোধনী বক্তব্যে জীবাশ্ম জ্বালানির উচ্চমূল্য ও মূল্যস্ফীতির ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, ‘চলতি বছরের প্রথমার্ধেই নবায়নযোগ্য শক্তি বৈশ্বিক অর্থনীতিতে ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার বাঁচিয়েছে। প্রতিশ্রুতির বাস্তবায়ন ও সহনশীল অবকাঠামো নির্মাণেই প্রতিটি দেশের স্বার্থ লুকিয়ে আছে।’
 

কপ-৩১ সম্মেলনের প্রথম দিনের মূল আলোচ্য বিষয় ছিল খাদ্য নিরাপত্তা, কৃষি ও স্বাস্থ্য। চলমান ‘সুপার’ এল নিনোর কারণে বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি মানুষ তীব্র খাদ্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে। উদ্বোধনী দিনে কপ-৩১ প্রেসিডেন্সি, তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, ডব্লিউএইচও ও অ্যাটাচ-এর যৌথ উদ্যোগে ‘আনতালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে, যা জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে। এ ছাড়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নারী ও তরুণ কৃষকদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। আগামী দিনে খাদ্য ও কৃষিখাতের প্রযুক্তিগত রূপান্তরে তুরস্কের উদ্যোগে ‘টার্কোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভ’ চালুরও ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী দুই সপ্তাহজুড়ে চলবে ঐতিহাসিক এই জলবায়ু সম্মেলন।

সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে পৌঁছাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/শাজা/এসডি-১০