প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০০:০০ (সোমবার)
শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন করায় বিএনপির সেই নেতা বহিষ্কার

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’র আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করে বক্তব্য দেওয়া জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 

রবিবার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বহিষ্কারের বিজ্ঞপ্তিটি সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার দাবি, সেদিন বক্তব্য দেওয়ার সময় কিছু শব্দচয়নে ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়া তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।
 

উল্লেখ্য, গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করে বক্তব্য রাখেন মারুফ হাসান।
 

এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩