ছবি: সিলেট ভিউ।
অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়, পণ্যের মোড়কে অনিয়ম ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সুনামগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
এসআরবি জানায়, সোমবার (৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উকিলপাড়া মহল্লা এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসআরবি-৯ সিপিসি-৩ এবং জেলা প্রশাসন। এসময় অভিযানকালে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়, পণ্যের মোড়কে অনিয়ম ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,৩৮ ও ৫৩ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল আরাফাহ বেকারীর মালিক কামরুল হাসান মুন্নাকে ১ লাখ, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেবকে ১ লাখ এবং ওমর উসমান ফ্রুট এন্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধি অনুযায়ী অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রয়, ইত্যাদি না করা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী জেলা প্রশাসনের সাথে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও জানান, ‘এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.