মৌলভীবাজারের রাজনগরে বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিকে সফল করতে ভোররাতে ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে স্লোগান এবং দুটি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
গাছে ফেলে রাখায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে সময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে সড়ালে যাব্নচলাচল সহজ হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের রাজনগর অংশের একটি স্থানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
এদিকে রাজনগর উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় সড়কের ওপর গাছ কেটে ফেলে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে দুটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে চাটুরা ও নন্দীউড়া এলাকা থেকে গাছ দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে চাটুরা এলাকায় বড় গাছটি অপসারণ করতে গিয়ে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়েছিল।
ঘটনার বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাগুলো পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.