প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৯:২০ (মঙ্গলবার)
সিলেটে যে পয়েন্ট থেকে দুই যুবককে ধরল পুলিশ

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সেই সাথে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন মাথারবাড়ী ইনাতাবাদ এলাকার মো. কয়ছর আহমদের ছেলে ইমন আহমদ (২৬) ও পাবনা জেলার চাটমোহর জক্তলা নতুনপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. মুন্নাফ হোসেন (২৪)। 

 

পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) সকালে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান (রেজি নং-ঢাকা মেট্রো-ন-২২-১২৩০) তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৩২২ কার্টুনে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। এসময় ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস বিস্কুট (৭৫ গ্রাম ও ৬৯ গ্রাম), রয়্যাল বোরবন চকলেটি ইনডালজেন্স, ওরিও স্যান্ডউইচ বিস্কুট (বিভিন্ন আকারের প্যাকেট) এবং সোন পাপড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪শ’ টাকা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, ‘উক্ত ঘটনার বিষয়ে  দক্ষিণ সুরমা থানার মামলা নং-১০, তারিখ-০৯/১১/২০২৬ খ্রিঃ, ধারা- দ্যা স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি (১) (নি)/২৫ডি রজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫