প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ০১:০০ (মঙ্গলবার)
বান্ধবীকে নিয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি, বের হতেই হা ম লা!

ছবি: সংগৃহিত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে রিসোর্টে অবস্থানকালে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলের একটি রিসোর্টের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই তিনি ও তাঁর সঙ্গে থাকা নারী আত্মগোপনে চলে যান বলে জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ।

 

রিসোর্ট সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে এক নারী ছিলেন। রিসোর্টে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে নিবন্ধন করেন। রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’য় অবস্থান করছিলেন তাঁরা। মঙ্গলবার তাঁদের চেকআউট করার কথা ছিল। তবে চেকআউটের আগেই সকালে হামলার ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। হামলার ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন।

 

এদিকে, হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব। পথে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি। ভিডিওতে হামলাকারীদের একজনকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতেও শোনা যায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে আক্রমণ করা হয়। এ হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

 

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। এতে হাসিব আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

এ হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা বন্ধে বিএনপি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬