প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:১২ (মঙ্গলবার)
গোলাপগঞ্জে কৈলাশটিলা গ্যাসকূপ খননে জটিলতা, ফের সমঝোতা বৈঠক

কোনোভাবেই কাটছে না গোলাপগঞ্জের কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন নিয়ে সৃষ্ট জটিলতা। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণ শুরু হলেও জমির রেকর্ড, নামজারি ও খাজনা পরিশোধের জটিলতায় আটকে আছে প্রকল্পের কাজ। 

সমস্যা নিরসনে দফায় দফায় বৈঠক হচ্ছে। 
 

মঙ্গলবার (১০ নভেম্বর)  উপজেলা কনফারেন্স হলে সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আবারও সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।


তিনি বলেন, উপজেলার বাঘা ইউনিয়নের গোলাবনগর মৌজায় কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খননের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। ক্ষতিপূরণের অর্থ বিতরণও শুরু হয়েছে। তবে জমির রেকর্ডে ত্রুটি, নামজারি না থাকা এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় অনেক মালিক ক্ষতিপূরণের অর্থ পেতে আবেদন করতে পারছেন না।
 

এসব জটিলতা নিরসনে নামজারি ও খাজনা পরিশোধে বিশেষ সুবিধা দিয়ে ভূমি মালিকদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
 

ইউএনও বলেন, রেকর্ড সংশোধন না করে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁদের বেশিরভাগেরই জমির বৈধ মালিকানা নেই।  প্রকল্পের কাজ শুরুতে দেরি হওয়ায় ব্যয় বৃদ্ধি ও বাস্তবায়নের সময় দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। 
 

সর্বশেষ প্রচেষ্টা হিসেবে বুধবার দুপুর ২টায় উপজেলা কনফারেন্স হলে ভূমি মালিকদের সঙ্গে আবারও সমঝোতা বৈঠক হবে। সেখানে সমাধান না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ শুরু করবে বলে জানান তিনি।
 

সভায় উপস্থিত ছিলেন, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, জিএম (প্রশাসন) তারেক আহমদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
 

সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে গ্যাসকূপ খনন প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করছে।
 


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/মআস-০৬