সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে গ্রাম পুলিশ সুসেন দাসের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি গরু পুড়ে মারা গেছে এবং আরেকটি গরু গুরুতর আহত হয়েছে। এতে পরিবারটির আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাইয়ারগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের থাকা,ধান, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুনে ঘরে থাকা একটি গরু মারা যায় এবং আরেকটি গরু আহত হয়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন গ্রাম পুলিশ সুসেন দাসের পরিবার ।
বুধবার মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ। পরে বিকেলে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মইনুদ্দিন চৌধুরী মাসুক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশ সুসেন দাস বলেন, আগুনে তাঁর ঘরের সবকিছু পুড়ে গেছে। সহায়-সম্বল হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে দাঁড়ানো ছাড়া তাঁর আর কোনো উপায় নেই। মানবিকতার জন্য তিনি সহযোগিতা কামনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/মআস-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.