প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:১১ (বুধবার)
সিলেটে যে কারণে ৮ ব্যক্তিকে জরিমানা

ছবি: সিলেটভিউ।

সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।  বুধবার (১১ নভেম্বর) সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
 

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে  জরিমানা আদায় ও হর্ন জব্দ করা হয়।
 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। পুলিশ সদস্য ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।
 

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে নিয়মিত অভিযান চলবে।
 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩