প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ০০:০০ (বুধবার)
সিলেটে নিজেই সংক্রমিত যে হাসপাতাল!

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটের যে হাসপাতালের কাজ মানুষের শরীর থেকে সংক্রমণ দূর করা, কিন্তু সেই হাসপাতালই যেন আজ নিজেই আক্রান্ত। কোথাও ছাদের পলেস্তারা খসে মাটিতে পড়ছে, কোথাও রয়েছে ভাঙাচোরা জানালা, নেই দরজাও, আবার অবাধে বহিরাগতদের প্রবেশ। চিকিৎসক ও নার্সের সংকটের পাশাপাশি রয়েছে নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের সংস্কারহীনতা। সব মিলিয়ে সিলেট বিভাগের একমাত্র বিশেষায়িত সংক্রামক ব্যাধি হাসপাতালটির অবস্থাই এখন অনেকটা রোগাক্রান্ত। অথচ সংক্রামক রোগীদের নিরাপদ ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান।

 

জানা যায়, সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় প্রায় সাড়ে সাত একর (৭৫০ শতক) জমির ওপর ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। প্রতিষ্ঠার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির অবকাঠামো ও সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। সিলেট বিভাগের চার জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতালটি নানা সীমাবদ্ধতা নিয়েই চলছে। নামমাত্র সীমানাপ্রাচীর থাকলেও বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে হাসপাতালটির চিত্র উদ্বেগজনক। হাসপাতালের বিভিন্ন ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শ্যাওলাযুক্ত ছাদ, ভাঙাচোরা জানালা, অরক্ষিত সীমানাপ্রাচীর, উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং অবাধ বহিরাগত প্রবেশের কারণে ঝুঁকির মধ্যেই চলছে চিকিৎসাসেবা। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র জনবল সংকট। হাসপাতালের প্রধান ফটকের পাশে রোগীরা কাপড় শুকাচ্ছেন। সীমানাপ্রাচীর যথোপযুক্ত না হওয়ায় হাসপাতালের আঙিনায় গরু-ছাগল, কুকুর নির্বিঘ্নে চলাফেরা করছে। অনেকটা অরক্ষিত পুরো এলাকা। পুরনো ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়তে দেখা গেছে।

 

শুধু অবকাঠামোগত সমস্যাই নয়, হাসপাতালটিতে নিরাপত্তাহীনতাও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘ইদানীং সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদকসেবীদের। সন্ধ্যা হলেই হাসপাতালের অভ্যন্তরে ঢুকে মাদক সেবন করে তারা। ভয়ে তাদের কিছু বলাও যায় না। রাতে দায়িত্ব পালনকারী নার্স ও স্টাফরা নিজেদের নিরাপত্তাহীনতায় থাকেন।’

 

সূত্র জানায়, স্থানীয়দের কাছে হাসপাতালটি ‘ডায়রিয়া হাসপাতাল’ নামে পরিচিত হলেও এখানে শুধু ডায়রিয়া নয়, ধনুষ্টংকার, জলবসন্ত, হাম, হুপিংকাশি, গণ্ডমালা, রুবেলা, জলাতঙ্ক, ডিপথেরিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা দেওয়া হয়। এসব রোগের চিকিৎসার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ রোগের প্রতিষেধক ভ্যাকসিনও দেওয়া হয় এখানে। একসময় সিলেট বিভাগের চার জেলার দূর-দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসতেন এই হাসপাতালে। এখনো বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভরসার জায়গা। হাসপাতালটির চিকিৎসাসেবার গুরুত্ব রোগীর পরিসংখ্যানেও স্পষ্ট। ২০২৫ সালে এখানে আবাসিক চিকিৎসাসেবা নিয়েছেন ২ হাজার ২৫৩ জন রোগী। তাঁদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত রোগীরাও চিকিৎসা নিয়েছেন। সীমাবদ্ধতা সত্ত্বেও সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক রোগীর স্বজন।

 

হাসপাতাল সূত্র জানায়, রোগীর চাহিদার তুলনায় চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট প্রকট। ২০ শয্যার এই হাসপাতালে মঞ্জুরীকৃত পদ রয়েছে ২১টি। এর মধ্যে বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। কাগজপত্রে পাঁচজন চিকিৎসক পদায়নের তথ্য থাকলেও বাস্তবে দায়িত্ব পালন করছেন একজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালট্যান্ট। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। নার্সের পদেও রয়েছে ঘাটতি। ছয়জন নার্স থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন পাঁচজন বলে জানা গেছে। অন্যদিকে হাসপাতালের মেডিকেল অফিসারের দেওয়া তথ্যমতে, সাতজন নার্সের বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন। বাকি চিকিৎসক ও নার্সদের ওসমানী হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা আক্ষেপ করে বলেন, ‘এই হাসপাতালে আসা রোগীদের অসুখের চিকিৎসার চেয়ে এখন হাসপাতালটির নিজের চিকিৎসা করাটাই বেশি জরুরি হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আবহাওয়ার বিরূপ পরিবর্তনের কারণে সংক্রামক রোগের প্রকোপ বাড়লেও সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালটি কর্মকর্তা-কর্মচারীর সংকট, ওষুধ ও শয্যাসংকটসহ নানা সমস্যায় জর্জরিত। কোনো রকমে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।’

 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলজিৎ রাজকুমার বলেন, ‘সেবার চাহিদার তুলনায় জনবল সংকট অত্যন্ত প্রকট। ২০ শয্যার হাসপাতালটির অনুমোদিত অনেক পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কাগজে পাঁচজন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালট্যান্ট। সাতজন নার্স থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন। এছাড়া হাসপাতালে নেই প্যাথলজি ল্যাব, নিরাপত্তাকর্মী ও প্রয়োজনীয় অফিস সহায়ক। প্রহরী না থাকায় রোগী, চিকিৎসক ও নার্সদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে।’

 

তিনি আরও বলেন, ‘হাসপাতালটি সিলেট বিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এমন কিছু রোগের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়, যা বিভাগের অন্য কোথাও নেই। হাসপাতালে ৯৯ শতাংশ ওষুধ রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হয়। শুধু ডায়রিয়া রোগীরা যাওয়া-আসার মধ্যে থাকেন। অন্য রোগীরা আবাসিক চিকিৎসা নেন। দীর্ঘ সময় ভর্তি থেকে তাঁদের চিকিৎসা নিতে হয়।’

 

জনবল সংকটের বিষয়ে নিজের অসহায়ত্ব তুলে ধরে ডা. কমলজিৎ রাজকুমার সিলেটভিউকে বলেন, ‘কাগজপত্রে পাঁচজন চিকিৎসক থাকলেও বাস্তবে তা নেই। আমিসহ একজন জুনিয়র কনসালট্যান্ট কোনো রকমে সেবা দিয়ে যাচ্ছি। আরও অন্তত একজন চিকিৎসক পদায়ন করা দরকার। নিরাপত্তাকর্মী না থাকায় ঝুঁকিও রয়েছে।’

 

হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায় নি। বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

 

এদিকে হাসপাতাল প্রাঙ্গণে মাদকসেবীদের আনাগোনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন সিলেটভিউকে বলেন, ‘যেহেতু হাসপাতাল একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, তাই সেখানে মাদকসেবী ও মাদকসংশ্লিষ্টদের কারণে হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না। হাসপাতাল প্রাঙ্গণে মাদক সেবনের বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা এখানে অভিযান পরিচালনা করব। পাশাপাশি এখন থেকে নিয়মিত এসব বিষয় নজরদারিতে রাখব।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা আছে। সিলেট মহানগরীকে মাদকমুক্ত করতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। মহানগরীর প্রতিটি থানা ও ফাঁড়িতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩