প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:২৯ (বুধবার)

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সালমান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

 

একই ঘটনায় আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

 

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বিলেরপাড় এলাকার সুলতান মিয়া ওরফে পাখির ছেলে সালমান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেওয়া হয়েছে। 

 

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

 

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/আশিক-০৪