প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:৫৯ (বুধবার)
সিলেটে নতুন ভবন নির্মাণে সিউকের কঠোর হুঁ শি য়া রি

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেট মহানগরীতে অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সিউক।

 

বুধবার (১১ নভেম্বর) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শনশেষে এই হুঁশিয়ারি দেন সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো নগরীর বিভিন্ন এলাকায় এই পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান বলেন, ‘মহানগরীর বিভিন্ন এলাকায় নকশা ছাড়াই ভবন নির্মাণের চিত্র দেখা গেছে, যা সিউক আইনের ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থি। এ ধরনের ভবনের মালিকদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। এরপরও আইন অমান্য করে নির্মাণকাজ চালিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিনি বলেন, ‘সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা কিংবা নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা আদায় করা নয়। বরং নগরীতে পরিকল্পিত ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করাই সংস্থাটির মূল লক্ষ্য। এ জন্য ভবনমালিকদের আইন মেনে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানান তিনি।’

 

রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, ‘নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতা কিংবা আদালতকেন্দ্রিক ভোগান্তিতে জড়ানোর চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা শ্রেয়। এতে ভবনমালিকরা হয়রানি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবেন। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত ও নকশাগত অসংগতি রাখা উচিত নয়। সিউকের চলমান তদারকি ও সচেতনতামূলক উদ্যোগে নগরবাসী ইতিবাচকভাবে সাড়া দেবেন এবং সিলেটকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

 

পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫