প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:৪৫ (বৃহস্পতিবার)
নতুন শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি ফি নির্ধারণ, সর্বোচ্চ যত টাকা

ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা মহানগরীতে ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং বাংলা মাধ্যমে ৮ হাজার টাকা নেওয়া যাবে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা।  আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
 

নির্ধারিত ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন খাতে ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। ঢাকার বাইরে অন্যান্য মহানগরে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা সদর পৌর এলাকায় ২ হাজার, উপজেলা পৌর এলাকায় ১ হাজার এবং মফস্বলে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে শুধু সেশন চার্জ নেওয়া যাবে। পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাসম্ভব ফি মওকুফ করতে হবে।

নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-১০