প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:১৫ (বৃহস্পতিবার)
জৈন্তাপুরে তরুণ উদ্যোক্তা খুঁজছে ১১ ব্যাংক, ঋণ-অনুদান মিলিয়ে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে মাঠে নেমেছে ১১টি তফসিলি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করে তাঁদের অর্থায়নের মাধ্যমে নতুন ব্যবসা ও উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।

 

এ কর্মসূচি বাস্তবায়নে উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখাকে প্রধান (লিড ব্যাংক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উত্তরা ব্যাংকের জৈন্তাপুর শাখায় ১১টি ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক ইমাম হোসাইন।

 

এতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক এরশাদ আলী, পূবালী ব্যাংক পিএলসি দরবস্ত শাখার ব্যবস্থাপক মো. মুর্শেদ আলম, অগ্রণী ব্যাংক পিএলসি হরিপুর গ্যাস ফিল্ড শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র দাস, কর্মসংস্থান ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপশাখার ব্যবস্থাপক বুরহান উদ্দিন, এনআরবিসি ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপশাখার ব্যবস্থাপক মো. আজমল হোসেন, আইএফআইসি ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপশাখার ব্যবস্থাপক নাকিবুল হাসান, ব্র্যাক ব্যাংক পিএলসি জৈন্তাপুর এসএমই শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপশাখার ব্যবস্থাপক মো. তাহমিদ হাসান চৌধুরী।

 

সভায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, তাঁদের উদ্যোগ ও ব্যবসায়িক পরিকল্পনা যাচাই-বাছাই, যোগ্য উদ্যোক্তা শনাক্তকরণ এবং কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা হয়।

 

উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক ইমাম হোসাইন জানান, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে এবং তাঁকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ, সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসা প্রতিষ্ঠার বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।

 

তিনি জানান, নির্বাচিত উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক চাহিদা ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ব্যাংকঋণ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ, সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজে ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত ছাড়াই অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, আবেদনকারীর বয়স আবেদন গ্রহণের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আগে ব্যবসার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় যোগ্য হবেন না। নির্বাচিত হলেই সর্বোচ্চ ২০ লাখ টাকা নিশ্চিত নয়; প্রকৃত ব্যবসায়িক প্রয়োজন ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে অর্থায়ন নির্ধারিত হবে। 

 

আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত আবেদনপত্র জমা দিতে পারবেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-১৬