ছবিঃ সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ জন অসুস্থ ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৫তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত ‘ভূতাপেক্ষ পার্ট-২’ কর্মসূচির আওতায় সিলেট-৪ সংসদীয় আসনের বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ জনকে এ সহায়তা দেওয়া হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উদ্যোগে এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা রনি দেব, নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির খান ও আখলাকুল আম্বিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল।
এ সময় বক্তারা বলেন, অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তা প্রদান একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সহায়তা প্রান্তিক ও অসচ্ছল মানুষের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা এ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.