প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১২:৩৪ (বৃহস্পতিবার)
সিলেটসহ সারাদেশে মোটরসাইকেল চালকদের মানতে হবে যে ৫ শর্ত

ছবি: সংগৃহিত

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের ক্ষেত্রে পাঁচটি সুনির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

নির্ধারিত মাপ, সঠিক উপাদান এবং নির্দিষ্ট রঙের মানদণ্ড অনুসরণ করেই এই নম্বরপ্লেট লাগাতে হবে।

 

এই নির্দেশনা বাস্তবায়নের জন্য মালিকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক। এই বিধান বাস্তবায়নে মালিকদের নিজ ব্যবস্থাপনায় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করতে হবে।
 

বিআরটিএর বেঁধে দেওয়া ৫টি শর্ত

 

    ১. উপাদান : ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে।
    ২. রং ও বর্ণ : সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
    ৩. নকশা : নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো নকশা বা শোভাবর্ধক কিছু ব্যবহার করা যাবে না।
    ৪. স্কুটারের মাপ : স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটটি লম্বায় ২০০ মিলিমিটার এবং চওড়ায় ১০০ মিলিমিটার হতে হবে। পাশাপাশি অক্ষর ও সংখ্যার উচ্চতা অন্তত ২০ মিলিমিটার রাখা বাধ্যতামূলক।
   ৫. অন্যান্য মোটরসাইকেলের মাপ : স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। বর্ণ ও অঙ্কের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বরটি একটি সরল রেখায় (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯) প্রদর্শন করতে হবে।

 

নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা মেনে মোটরসাইকেলে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করার জন্য সংশ্লিষ্ট মালিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

 

এর আগে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর শেষ সময় ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

 

পরবর্তীতে সময় বাড়িয়ে তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪