ছবি: সিলেট ভিউ।
ব্রিটেনে বাংলা সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম। প্রথমবারের মতো আয়োজিত নর্থাম্পটন ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব অ্যাওয়ার্ডস ২০২৬-এর জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) নর্থাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমের হাতে সম্মাননা তুলে দেন নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের ট্রাস্টি এম এ রউফ এবং সংগঠনটির সাবেক চেয়ারম্যান ইউসুফ মিয়া।
আয়োজনে ব্যবসা, গণমাধ্যম, পেশাগত উৎকর্ষ, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রায় ৫০ জন সফল ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য ব্রিটিশ ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।
নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ইউসুফ মিয়া বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে এহসানুল ইসলাম চৌধুরী শামীম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। এসব অবদানের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এহসানুল ইসলাম চৌধুরী শামীম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি চ্যানেল এস ইউকের একজন সাংবাদিক হিসেবে নর্থাম্পটনসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, অর্জন, সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরছেন।
তাঁর এ সম্মাননা অর্জন যুক্তরাজ্যে বাংলা সাংবাদিকতা এবং কমিউনিটির জন্য কাজ করে যাওয়া সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.