ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে এবং লন্ডন প্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ১৫ পারা ও ১০ পারা-এই দুটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ডুংরিয়া নতুন পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন ঠাকুরভোগী। বসিয়া খাউরী গ্রামের প্রবীণ মুরব্বি নুর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে মোট ২০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও অভিভাবকরা জানান, প্রতি বছর হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে পবিত্র কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে কুরআন হিফজের প্রতি আগ্রহ আরও বাড়বে।
সিলেটভিউ২৪ডটকম/ শান্তিগঞ্জ/ এহিয়া-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.