প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:০০ (শুক্রবার)
শাবির প্রক্টর অফিসে তালা, বিচারের দাবি শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর প্রতি অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে  প্রক্টরের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে তালা দেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে শাবিপ্রবির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি ওই ছাত্রীকে ধমক দেন এবং সহায়তা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
 

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গত বুধবার দুপুর ২টার দিকে আম্বরখানার একটি খাবারের আউটলেটে পার্সেল নেওয়ার সময় এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত চেপে ধরেন ও অশালীন আচরণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদ করলে সেলসম্যান উল্টো ধমক দেন এবং আউটলেটের ম্যানেজারও সিসিটিভি ফুটেজ না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
 

এরপর ওই ছাত্রী সহায়তার জন্য প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে প্রক্টর বিরক্তি প্রকাশ করে বলেন, ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করো তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।
 

ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানালে প্রক্টর উল্টো ধমক দেন। পরবর্তীতে প্রক্টরের এমন আচরণের কথা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে গত বিকেলেই শিক্ষার্থীরা প্রক্টর অফিসে গিয়ে জবাবদিহি চান।

সে সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিভিন্ন হলের প্রভোস্টদের উপস্থিতিতে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

গতকালের এসব ঘটনার জের ধরে আজ বিকেলে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
 

প্রক্টর অফিসে তালা ঝুলানোর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, গতকাল এক আপু যৌন হয়রানির শিকার হয়ে প্রক্টর স্যারের কাছে ফোন দিলে উনি উল্টো ধমক দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

শুধু এটাই না, আমাদের প্রক্টরের দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন রকমের অভিযোগে তিনি অভিযুক্ত। আমরা বিগত সময়ে দেখেছি ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ও বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদের তিনি স্পেশাল প্রোটোকলের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন।


এছাড়াও একজন শিক্ষার্থী কিছুদিন আগে ট্রাক দুর্ঘটনায় আহত হন। ওই শিক্ষার্থীকে না জানিয়ে প্রক্টর রাতের আধারে এক লক্ষ টাকা জরিমানা করেন, যেটা ভুক্তভোগী শিক্ষার্থী জানেই না। এই টাকা আদৌ ওই শিক্ষার্থীর হাতে হ্যান্ডওভার করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, ক্যাম্পাসে শতকরা ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী প্রক্টরের অফিস দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
 

তিনি আরও বলেন, অনেক নারী শিক্ষার্থী এখানে এসে বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। প্রক্টর অনেকের পোশাক নিয়ে কটূক্তি করেন। এরপরে শিক্ষার্থীদের নানাভাবে মিথ্যা এবং নিয়মবহির্ভূত শোকজ দিয়ে হয়রানি করেছেন বিভিন্ন সময়ে। এরকম অসংখ্য নজিরবিহীন অভিযোগ রয়েছে।

তাই এসব অভিযোগের পর এরকম একটি দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, গতকালের বিষয়ে গতকালেই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে। আজ তারা কেন তালা দিয়েছে, এটা তাদের একান্ত বিষয়।

 

সিলেটভিউ২৪ডটকম/আতাহার/মআস-০৫