ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পলাশ আলী এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ওই প্রতিষ্ঠানে তার সঙ্গে এক তরুণীও কাজ করতেন। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাকে ধর্ষণের চেষ্টা চালান।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। বিষয়টি জানার পর উপজেলার দায়িত্বশীল নেতাদের জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখে আমাকে জানাবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ মআস-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.