ছবি: সিলেট ভিউ।
সিলেট নগরীর প্রাণকেন্দ্র সুরমা তীরের ভিআইপি সড়কটি এখন পুরোপুরি পণ্যবাহী ভারী ট্রাকের দখলে। ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে সার্কিট হাউস, ঐতিহাসিক সারদাহল হয়ে ক্বীন ব্রিজের মোড় পর্যন্ত দীর্ঘ এলাকা গিলে খেয়েছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত ট্রাকের জটলায় অবরুদ্ধ থাকে প্রধান এই সড়কটি। আর এর মাঝেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে পাইলট স্কুলের ১ হাজার ৫৬৫ জন শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ । প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে এমন মরণফাঁদ পেতে রাখা হলেও সংশ্লিষ্টদের ভূমিকা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ।
অনুসন্ধানে জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এই সড়ক ও আশপাশের এলাকা ট্রাকের দখলে যাওয়ার পাশাপাশি গড়ে উঠেছে চাঁদা আদায়ের বড় নেটওয়ার্ক। সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নামে প্রতিটি গাড়ি থেকে দৈনিক ৬০ টাকা করে আদায়ের অভিযোগ আছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, উত্তোলিত অর্থের ৩০ টাকা যায় সমিতির কাছে, বাকি ৩০ টাকা নেয় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
ট্রাকচালকদের দেওয়া তথ্য অনুযায়ী, কালিঘাটের সামনে থেকে চুনপট্টি, করিমউল্লাহ মার্কেট, মহাজনপট্টি ও কালামিয়া পয়েন্ট পর্যন্ত বিস্তৃত এই টাকা আদায়ের নেটওয়ার্ক।
পথচারী ও স্থানীয়দের অভিযোগ, নিয়মিত এই টাকা আদায়ের মধ্যদিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী স্থাপনাসংলগ্ন সড়কে ট্রাকের অবস্থান দীর্ঘদিন ধরে বহাল রয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্কুল শুরুর আগে ও ছুটির পর বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তৈরি হয় ভয়াবহ যানজট। ট্রাকের সারিতে অনেক সময় শিক্ষক-শিক্ষার্থীদের হেঁটে বিদ্যালয়ে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার জট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী সুলতানা বলেন, সার্কিট হাউস, ক্বীন ব্রিজ আর শতবর্ষী একটি স্কুলের সামনে এভাবে ট্রাকের হাট বসার নজির দেশের আর কোথাও নেই। বিভিন্ন সময়ে প্রশাসনের কর্মকর্তাদের কাছে ধর্না দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পরীক্ষার সময় ট্রাকের বিকট হর্ন আর শব্দদূষণে শিক্ষার্থীরা লিখতেই পারে না। লালদিঘীরপাড়ের দিকে একটি বিকল্প গেট চালুর দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি।
তালতলার বাসিন্দা ও অভিভাবক হ্যাপি বেগম বলেন, সন্তানদের নিয়ে স্কুলের ফটক পর্যন্ত যাওয়ার কোনো উপায় নেই। সার্কিট হাউসের সামনে নেমে ট্রাকের গা ঘেঁষে ভয়ে ভয়ে হেঁটে যেতে হয়। কোনোদিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে বড় কোনো সর্বনাশ ঘটে, সেই আতঙ্কে থাকেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, ট্রাকের ফাঁকফোকর দিয়ে গা বাঁচিয়ে চলতে গিয়ে প্রতিনিয়তই সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়তে হয়।
অন্যদিকে জায়গা সঙ্কটের যুক্তি দেখিয়ে ট্রাক রাখার বিষয়টি সমর্থন করছেন ব্যবসায়ীদের কেউ কেউ। কালিঘাটের সাবেক চাল ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস স্বীকার করেন, স্কুলের সামনে ট্রাক রাখা অনুচিত। তবে বিকল্প জায়গা না থাকায় তাঁরা নিরুপায়।
কায়স্থরাইলের এক ট্রাকচালকের বক্তব্য আরও স্পষ্ট। তিনি জানান, যুগ যুগ ধরে এখানেই তাঁদের স্ট্যান্ড। তাঁরা বিনা মূল্যে গাড়ি রাখেন না। দোকানে ঢুকলেই সমিতিকে ৬০ টাকা দিতে হয়। মন্ত্রী বা ম্যাজিস্ট্রেট এলে পুলিশ সরে যেতে বলে, পরে আবার এসে গাড়ি দাঁড় করান তাঁরা।
নগরবাসী বলছেন, একটি শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে বছরের পর বছর ট্রাকের এমন অবস্থান কীভাবে চলছে? ট্রাক রাখার নামে প্রতিদিন টাকা আদায়ের অভিযোগ থাকলেও এর নিয়ন্ত্রণে কারা, অর্থের ভাগ কারা পাচ্ছে এবং প্রশাসনের সাময়িক তৎপরতার পরও কীভাবে আবার ট্রাকগুলো ফিরে আসছে-এসব প্রশ্নের জবাব মিলছে না।
অভিভাবক ও সিলেটের সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দের দাবি, বড় কোনো দুর্ঘটনায় প্রাণহানির পর শোক প্রকাশ নয়, এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অবিলম্বে পাইলট স্কুল, সার্কিট হাউস ও ক্বীন ব্রিজসংলগ্ন এলাকাকে ট্রাকমুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, কালিঘাটের জন্য নির্ধারিত কোনো ট্রাকস্ট্যান্ড ও এসএমপির ডাম্পিং স্পেস না থাকাটাই প্রধান বাধা। অতীতে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সঙ্গে বাজার স্থানান্তরের আলোচনা হলেও তা এগোয়নি। বিষয়টি আবারও পুলিশ কমিশনারকে জানিয়ে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.