ছবি: সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতারের পর এ মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ সোহেল (২৮) ও উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক হুযাইফা খালেদ (১৯)। কায়সার মাহমুদ সোহেল জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। হুযাইফা খালেদের গ্রামের বাড়ি খারুবিল এবং বর্তমানে নিজপাটের মাস্তিংহাটিতে বসবাস করেন এবং তাঁর বাবার নাম হাজী রফিকুল হক।
পুলিশ জানায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানির সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। পরে তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে হেমু সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের করিছের ব্রিজ এলাকায় একটি গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় সংঘবদ্ধ একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে পৃথক অভিযানে পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদেরও মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/ জাহিদ/ এহিয়া-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.