প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২৩:১৭ (শুক্রবার)
জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায় নিতে নারাজ বিএনপি

ছবি: সিলেটভিউ।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় নিতে নারাজ জৈন্তাপুর উপজেলা বিএনপি। এ ঘটনায় দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দল বহন করবে না বলে স্পষ্ট জানিয়েছে উপজেলা বিএনপি।
 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরা হয়।
 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়ার পথে উপজেলার করিছের ব্রিজ এলাকায় একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
 

এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দামকে প্রধান আসামি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। পাশাপাশি মামলায় আরও ৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করার তথ্যও প্রকাশিত হয়েছে।
 

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এস ইউ সাদ্দাম নিজেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কর্মী হিসেবে পরিচয় দিলেও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা দলের কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা নেই। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনোভাবেই দল বহন করবে না।
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এস ইউ সাদ্দাম দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে র‍্যাবের হাতে আটক হওয়ার বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের বাসিন্দা।
 

উপজেলা বিএনপি নেতারা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি তাঁর ব্যক্তিগত পরিচয় কিংবা অতীত রাজনৈতিক সম্পৃক্ততার দোহাই দিয়ে দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা আইনবিরোধী কাজে জড়িত হলে তার দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না।
 

তারা আরও বলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপি কোনো উচ্ছৃঙ্খল বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
 

প্রেস বিজ্ঞপ্তিতে পুনরায় উল্লেখ করা হয়, এস ইউ সাদ্দামের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জৈন্তাপুর উপজেলা শাখার ওপর বর্তায় না। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।


 

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/মআস-১৩