প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ (শুক্রবার)
দোকানে ঢুকে বিএনপি নেতাকে গু/লি করে হ/ত্যা

ছবি: সংগৃহিত

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতার মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন।


এসময় হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।

 

গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫