ছবি: সিলেটভিউ।
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জৈন্তাপুর উপজেলা কমিটির প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আজাদ গীরকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
গ্রেপ্তার আজাদ গীর জৈন্তাপুর উপজেলার সরুফৌদ গ্রামের সিরাজুল হকের ছেলে।
পুলিশ সূত্র জানায় , গত ৯ নভেম্বর সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ।
পরে তাঁকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পুলিশের গাড়ির গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।মামলার পর থেকে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে।
এর আগে পৃথক অভিযানে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, কৃষক লীগ নেতা নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ সোহেল এবং জৈন্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হুযাইফা খালেদকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ শুক্রবার আজাদ গীরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় কারাগারে পাঠানো আসামির সংখ্যা দাঁড়াল আটজনে।
এদিকে মামলার প্রধান আসামি এস ইউ সাদ্দামসহ অন্য আসামিদের গ্রেপ্তার এবং পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/মআস০১
আইটি ল্যাব সলিউশন্স লি.