প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭ (শুক্রবার)
শাবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক প্রদর্শনীর প্রস্তুতি

ছবি: সিলেট ভিউ।

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।

 

 শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

 

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও মতবিনিময় পর্ব চলবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণী, সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামবে।

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্যসচিব ড. মোস্তফা আজিজ সুমন এবং সিলেট আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল ও সদস্যসচিব ডা. মোহাম্মদ আবু নাছের বিভাগীয় পর্যায়ের এই তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানমেলা সফল করার আহ্বান জানিয়েছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ আতহার/ এহিয়া-০৫