প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৮:০০ (শুক্রবার)
সিলেটে যে ভা'ই'রা'সে একদিনে মা*রা গেলেন ৩ জন, নতুন সংক্রমিত ৬৫

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেট বিভাগে ডেঙ্গুর পাশাপাশি বর্তমানে হাম ও রুবেলার সংক্রমণ উদ্বেগজনক রূপ নিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। 


এসময় গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৬৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক রোগী হিসেবে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬৮ জন। এই নিয়ে গত ২৪ ঘন্টায় সর্বমোট রোগীর সংখ্যা ২৩৩ জন।

 

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সন্দেহজনক ও হাম রোগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর সবাই বিভিন্ন জেলার বাসিন্দা। তারা হল-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আনসার উদ্দিনের ১১ মাস বয়সী শিশু আফরিন, সিলেট সদরের শুক্কুর আলীর ৪ মাস ১৭ দিন বয়সী শিশু মাইশা এবং হবিগঞ্জ সদরের আ. আজিজের ৯ মাস বয়সী শিশু ওমর।  

 

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৪৫২ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চলতি বছরে সন্দেহজনক ও নিশ্চিত মিলে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে।

 

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে বর্তমানে বিভাগে মোট ৫ হাজার ৫৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং বিভিন্ন জেলা সদর হাসপাতালসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বহু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

 

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাম শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ। তাই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার এবং নির্ধারিত সময়ে শিশুদের হাম-রুবেলার টিকা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭