ছবি: ফাইল ছবি।
দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের সিনেমা ‘যাপিত জীবন’। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও ইতিবাচক সাড়া।
দেশভাগ, ভাষা আন্দোলন, পারিবারিক টানাপোড়েন এবং মানুষের শেকড় ও অস্তিত্বের গল্প নিয়ে বড় পর্দায় আসছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকদের সামনে আসছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র।
সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। এটি বাবা-মেয়ের প্রথম চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা। চিত্রনাট্য তৈরি করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। সম্প্রতি পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছে।
পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে পোস্টারে ফুটে ওঠা পারিবারিক আবহ দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, আগামী ২০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে ‘যাপিত জীবন’। পরিবার-পরিজন নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, পোস্টারের ভেতরেই একধরনের স্থিরতা ও স্বস্তি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ইতিবাচক মন্তব্য পাচ্ছি। পোস্টারের মাঝখানে একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে অনেক মধ্যবিত্ত পরিবার পুরো পরিবার নিয়ে সিনেমা হলে আসার আগ্রহ প্রকাশ করছেন।
ভাবনার কাছে ‘যাপিত জীবন’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং আবেগ, স্মৃতি ও পারিবারিক ভালোবাসার বিশেষ অধ্যায়। কারণ, বাবার পরিচালনায় এটিই তাঁর প্রথম সিনেমা। এ প্রসঙ্গে তিনি বলেন, “অন্য সিনেমায় আমি শুধুই একজন অভিনেত্রী হিসেবে কাজ করি।
কিন্তু এটি আমাদের নিজস্ব প্রযোজনা হওয়ায় সিনেমার প্রায় সব বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে আমরা টানা ২০ দিন শুটিং করেছি। সেখানে অনেক আবেগ ও আনন্দের মুহূর্ত তৈরি হয়েছিল।
বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ভাবনা আরও বলেন, আমার বাবা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। ভবিষ্যতে আবার কখনো একসঙ্গে কাজ করতে পারব কি না জানি না। তাই এটি আমার সারা জীবনের অন্যতম স্মৃতি ও ইতিহাস হয়ে থাকবে।
সিনেমা নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রের প্রচারণা নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভাবনা। তাঁর মতে, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে পেশাদার প্রচারণা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। একটি সিনেমা নির্মাণের পাশাপাশি দর্শকদের কাছে পৌঁছে দিতে বড় ধরনের প্রচার-প্রচারণার প্রয়োজন হয়। কিন্তু সে ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সীমাবদ্ধতা রয়েছে। ফলে নিজেদের উদ্যোগেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাতে হচ্ছে।
‘যাপিত জীবন’ নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে ভাবনা বলেন, এটি আমাদের দেশের গল্প, অনুভূতির গল্প, বেদনার গল্প। মানুষের শেকড় ও অস্তিত্বের গল্প। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের গভীরভাবে ভাবাবে এবং তাঁদের মনে নতুন বোধ তৈরি করবে।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয়। সিনেমায় আফসানা ও সোবহান চরিত্রে দেখা যাবে তাঁদের। পারিবারিক আবহে নির্মিত এই চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে আফজাল হোসেন বলেন, সিনেমাটির কাজ অত্যন্ত পারিবারিক আবহে সম্পন্ন হয়েছে। এটি একটি পারিবারিক গল্প। কাজ করে ভীষণ ভালো লেগেছে। সবকিছু দারুণভাবে এগিয়েছে। আমার বিশ্বাস, ‘যাপিত জীবন’ খুব ভালো একটি নির্মাণ হয়েছে।
যাপিত জীবন সিনেমায় আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তি ও ডলি জহুরসহ দেশের একাধিক গুণী অভিনয়শিল্পী।
ইতিহাস, আবেগ, পারিবারিক সম্পর্ক ও শেকড়ের টানকে কেন্দ্র করে নির্মিত ‘যাপিত জীবন’ ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে দর্শকদের কতটা হৃদয় ছুঁতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.