ছবি: সিলেট ভিউ।
পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে উঠেছিলেন রাজন বিশ্বাস (২৬)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দেশে পুত্রসন্তান জন্মের মাত্র ২৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। নবজাতক সন্তানের মুখটিও দেখা হলো না তাঁর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ার বান্টিং এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন রাজন বিশ্বাস। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ভূষণ রাম বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন রাজন। পথে বান্টিং এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় সড়কে চলন্ত একটি লরির পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজনের সহকর্মীদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পরিবার সূত্রে আরও জানা যায়, ২০১৮ সালে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান রাজন। দীর্ঘ আট বছর প্রবাসে থেকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন তিনি। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন রাজন। সম্প্রতি দেশে তাঁর একটি পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের ২৬ দিন পার হলেও তাকে দেখার সৌভাগ্য হয়নি এই প্রবাসী যুবকের।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাজনের স্ত্রী ও স্বজনরা। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে মাত্র ২৬ দিন বয়সী সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন তাঁর স্ত্রী। রাজনের মৃত্যুর খবরে জকিগঞ্জের নিজ বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এদিকে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাজন বিশ্বাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি সহযোগিতা চেয়েছে শোকাহত পরিবার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.