প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
আসছে শীত, পর্যটক বরণে প্রস্তুত সিলেট

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

শীতকালটা আমাদের দেশে পর্যটন মওসুম হিসাবে স্বীকৃত। শীতের দেরি থাকলেও এই হেমন্তেই পর্যটকদের বরণে প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রস্তুত সিলেটের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও বিভিন্ন পর্যটনকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং অন্যান্য কর্মীরা।

 

নভেম্বর এলেই সিলেটের পর্যটন সংশ্লিষ্টদের ব্যস্ততা বাড়ে। পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিতে প্রস্তুতি নেন তারা। ব্যতিক্রম নয় এবারও।

 

অপরূপ সিলেটের পাহাড়, টিলা, চা-বাগান, নদী, ঝরনা ও স্বচ্ছ জলরাশি বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর, লালাখাল, ভোলাগঞ্জসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আকর্ষণে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ভ্রমণ পিপাসু মানুষ। তবে নভেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত পর্যটন মওসুমে মানুষের ঢল নামে এ অঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

 

এবার পর্যটন মওসুমকে সামনে রেখে হোটেল ও রিসোর্টগুলোত চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সেবার মান উন্নয়নেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। 

 

পর্যটকদের চাহিদা বিবেচনায় খাবার, পরিবহন ও অন্যান্য সেবা নিয়েও প্রস্তুত সংশ্লিষ্টর। এ খাতের অনেক ব্যবসায়ী আশা করছেন, এবারের পর্যটন মওসুমে পর্যটকের সংখ্যা বাড়লে ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

 

পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানান, সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ আবর্তিত হয়। পর্যটকদের আগমন বাড়লে হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি পরিবহন, পর্যটন গাইড, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় কর্মজীবীদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হয়। তাই পর্যটন মওসুমকে ঘিরে তাদের প্রত্যাশাও অনেক।

 

সিলেট হোটেল, মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নূরী জুয়েল বলেন, পর্যটন মৌসুমকে সামনে রেখে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান উন্নয়ন এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর এই সময়ে পর্যটকদের আনাগোনা বাড়ে। এবারও ভালো ব্যবসার প্রত্যাশা করছি। তবে পর্যটকদের আস্থা ধরে রাখতে সেবার মান নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা জরুরি।

 

তবে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াতব্যবস্থার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে অতিরিক্ত মূল্য আদায়, হয়রানি ও পরিবেশদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটনসংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ও প্রয়োজনীয় স্যানিটেশন নিশ্চিত করা জরুরি।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিত প্রস্তুতি, মানসম্মত সেবা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এবারের পর্যটন মৌসুমে সিলেটে পর্যটকদের আগমন বাড়বে। এতে একদিকে যেমন সিলেটের পর্যটনশিল্প আরও প্রাণবন্ত হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন কুমার সামন্ত বলেন, সিলেটের পর্যটনশিল্পের বিকাশে পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। সিলেটের প্রতিটা জোনের আমাদের পুলিশ মোতায়ন থাকবে এবং প্রতি জোনে কন্ট্রোল রুম রয়েছে। পর্যটন মওসুমে পর্যটনকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করা হবে। পর্যটনকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের হয়রানি রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি বলেন, পর্যটন মৌসুমে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে নজরদারি, টহল এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারেন, সে বিষয়ে আমরা সতর্ক। পাশাপাশি কোনো ধরনের হয়রানি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সুব্রত/ইকে-০৯